সাভার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার, চট্টগ্রাম ও বরগুনায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিনজন মারা গেছেন, পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন চারজন।
আমাদের সাভার প্রতিনিধি জানান, সাভারে মধুমতি মডেল টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি ময়লা বোঝাই ট্রাক একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে দুই সহোদর মো. করিম (২৮) ও আমির হোসেন (৩৫) নিহত হন। তারা সাভার পৌর এলাকার কবিরাজ পাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মীর বাছিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টায় ঢাকা থেকে সিটি কর্পোরেশনের ময়লা বোঝাই একটি ট্রাক সাভারের বলিয়াপুরে ডাম্পিং ষ্টেশনে আসার পথে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে চিনি বোঝাই একটি কার্ভাড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে কার্ভাড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভ্যান চালক মো. করিম ও তার বড় ভাই ভ্যানের হেলপার আমির হোসেন মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে।
আমাদের বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা-বেতাগী সড়কের সোনার বাংলা বাজারের কাছে প্রাইভেট কার ছিটকে খাদে পড়ে গেলে বরগুনার সহকারী পুলিশ সুপার (সার্কেল) অনির্বাণ চাকমাসহ ৪ জন আহত হন।
আহত অন্যরা হলেন-গাড়ীর চালক শাহাবুদ্দিন আহম্মেদ, স্টেনোগ্রাফার চুন্নু মিয়া ও কনস্টেবল সন্তুলাল চাকমা। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনির্বাণ চাকমা জানান, বেতাগী থেকে বরগুনা আসার পথে যাত্রীবাহী নসিমনকে সাইড দিতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন।
এদিকে চট্টগ্রাম অফিস জানায়, নগরীর চট্টগ্রাম কলেজের সামনের সড়কে বিকালে সিএনজি অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে সাজেদা বেগম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
নিহতের বাড়ি নগরীর মাদারবাড়ি আইস ফ্যাক্টরি এলাকায়। দুর্ঘটনার সময় তিনি সিএনজি অটোরিকশায় ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সাজেদা বেগমকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। সন্ধ্যা ছয়টায় তার মৃত্যু হয়।
কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক নিবেদিতা দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের পর যাত্রীবাহী টেম্পুটি পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/টিএইচ/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24