পাবনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীতে পানির প্রবাহ হ্রাস পেয়েছে। এর সঙ্গে যুক্ত শাখা নদীগুলো এখন মৃতপ্রায়। গত বছরের একই সময়ের তুলনায় এবার পদ্মায় ৩০ হাজার কিউসেক কম পানি প্রবাহিত হচ্ছে।
বুধবার বাংলাদেশ ভারত যৌথ পানি পর্যবেক্ষণ দলের সদস্যরা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পদ্মায় পানি প্রবাহ পর্যবেক্ষণ করে। এ দলে ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী নওশাদ আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী দৌলতুজ্জামান ও মোফাজ্জল হোসেন এবং ভারতের পানি কমিশনের নির্বাহী প্রকৌশলী ইআর আর আজাগেসান ও সহকারী প্রকৌশলী কাইলা শ্রীনাধুদু।
উপ-বিভাগীয় প্রকৌশলী দৌলতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পদ্মা নদীর অবস্থা খুবই খারাপ। নদীতে প্রবাহ নেই বললেই চলে। বুধবার প্রবাহ ছিল প্রায় ৮০ হাজার কিউসেক। অথচ গত বছরের একই সময় এর পরিমাণ ছিল প্রায় ১ লাখ ১০ হাজার কিউসেকের মতো।"
মঙ্গলবার থেকে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সদস্যরা বাংলাদেশের হার্ডিঞ্জব্রিজ ও ভারতের ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি প্রবাহ পর্যবেক্ষণ শুরু করেছে।
বুধবার হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেছে, ব্রিজের নিচে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসলের চাষ চলছে। হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি পিলারের মধ্যে ১১টি এখন বালির চরে।
পদ্মায় পানি প্রবাহ কমে যাওয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের অধীনে ১ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৪০ ঘ.
bdnews24