ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সোনাদিয়া দ্বীপ ও হাকালুকি হাওরে এ মৌসুমে মোট ৬৬ প্রজাতির পাখি দেখা গেছে বলে পাখি পর্যবেক্ষকরা জানিয়েছেন।
এর মধ্যে কক্সবাজার-টেকনাফের সমুদ্র সৈকতে ৪৬ প্রজাতি, সোনাদিয়া দ্বীপে ২৮ প্রজাতি, কক্সবাজার- টেকনাফের সমুদ্র সৈকতের বদর মোকামে ৩০ প্রজাতি এবং হাকালুকিতে ৪১ প্রজাতির পাখি দেখা গেছে। এসব পাখির অনেকগুলো আবার ওই চার স্থানেই দেখা গেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপকুলীয় জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্প আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাখি শুমারির এ তথ্য জানানো হয়। গত ২৭ ও ২৮ ডিসেম্বর কক্সবাজার-টেকনাফের সমুদ্র সৈকত ও সোনাদিয়া দ্বীপে এবং হাওড় হাকালুকিতে ৩০ ডিসেম্বর পাখিশুমারি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শুমারির নেতা পাখি পর্যবেক্ষক ইনাম আল হক জানান, এ মৌসুমে কক্সবাজার-টেকনাফের সমুদ্র সৈকতে ৪৬ হাজার প্রজাতির ৬,৮৫১ পাখি ও সোনাদিয়া দ্বীপে ২৮ প্রজাতির ১,৪১৩ পাখি, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতের বদর মোকামে ৩০ প্রজাতির ১,০৩৯ পাখি ও হাকালুকিতে ৪১ প্রজাতির ১,২৬,৮৫১ পাখি গণনা করা হয়েছে।
ইনাম আল হক বলেন, হাওড় ও খাল- বিলে এ বছর ১২ প্রজাতির সর্বমোট ৬৬,৫০৮ পাখি ও নাগুয়া-ধুলিয়া বিলে সবচেয়ে বেশিসংখ্যক ১৯ প্রজাতির ৩,২৩৯ পাখি দেখা গেছে। হাকালুকি হাওরে বিরল প্রজাতির বেয়ারস পোচার্ড ও গ্রে হেডেড ল্যাপউইং পাখি দেখা গেছে।
গত মৌসুমের তুলনায় এবার কয়েকটি জায়গায় পাখির সংখ্যা কিছুটা কম দেখা গেছে বলে জানান এ পাখি পর্যবেক্ষক।
পরিবেশ অধিদপ্তর ইউএনডিপি-জিইএফ এর অর্থায়নে কক্সবাজার,টেকনাফ, সেন্টমার্টিন, সোনাদিয়া দ্বীপ ও হাকালুকিতে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে। পরিবেশ অধিদপ্তর এ পর্যন্ত দেশের ৮টি এলাকাকে পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া) ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫৮ঘ.
bdnews24