চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী থেকে চুরি যাওয়া একটি মাইক্রোবাসসহ চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা গাড়ি চোর দলের সদস্য।
চট্টগ্রাম ও ফেনীতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আশিকুল হক ভূঁইয়া। গাড়িটি উদ্ধার করা হয় ফেনীর দাগনভূঞা থেকে।
আশিকুল হক জানান, নগরীর পতেঙ্গা স্টিল মিল বাজার থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস উদ্ধারে মঙ্গলবার রাতে পাহাড়তলীর নয়াবাজারে অভিযান চালিয়ে রমিজ উদ্দিন (২৭) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে ওই রাতেই ডবলমুরিং থানার বিল্লাপাড়া থেকে গ্রেপ্তার করা হয় সাহাব উদ্দিনকে।
পুলিশি জিজ্ঞাসাবাদে এ দুজন গাড়িটির সন্ধান জানালে বুধবার ভোরে ফেনীর দাগনভূঞায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয় বলে আশিকুল হক জানান। ওই সময় সিরাজ উল্লা ও জাফর উল্লা নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়। জাফর উল্লার বাড়িতেই মাইক্রোবাসটি পাওয়া যায়।
পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে স্টিল মিল বাজারের ফ্রেন্ডস রেন্ট এ কারের দোকানের সামনে থেকে গাড়িটি চুরি হয়।
চুরি করার পর গাড়িটির রং এবং নম্বর প্লেট বদলে ফেলা হয় বলে আশিকুল হক জানান।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24