ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পাওয়ার যোগ্য বিবেচিত সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ১৫ লাখ টাকা সুদ মুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
পাশাপাশি গাড়ি রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও চালকের বেতন বাবদ মাসে ৩৫ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়ার বিধান রেখে 'প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি সেবা নগদায়ন' শিরোনামে নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
সংস্থাপন সচিব মো. আবদুস সালাম খান বুধবার টেলিফোনে এক প্রশ্নের উত্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য দিয়ে বলেন, "নীতিমালার খসড়ার ওপর অর্থ মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে। খসড়াটি অনুমোদনের জন্য শিগগিরই প্রশাসন উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উত্থাপন করা হবে।"
গাড়ি কেনা বাবদ ঋণ দেওয়ার কারণ উল্লেখ করে নীতিমালার খসড়ায় বলা হয়েছে, প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাদের সংখ্যার তুলনায় গাড়ির স্বল্পতা রয়েছে। এছাড়া বরাদ্দকৃত গাড়িগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় প্রায় সময় নষ্ট থাকে। এতে কর্মকর্তাদের স্বাভাবিক কাজের ব্যাঘাত ঘটে, সেইসঙ্গে ঘন ঘন গাড়ি মেরামত করতে গিয়ে সরকারকে গুনতে হয় বিশাল অঙ্কের অর্থ।
প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি সেবা নগদায়ন নীতিমালার খসড়া থেকে আরো জানা গেছে, সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব এবং বিসিএস অর্থনীতি ক্যাডারের যুগ্ম প্রধান , অতিরিক্ত প্রধান ও প্রধানগণ গাড়ি কেনার ঋণ নিতে পারবেন।
বর্তমানে সচিব ও এর সমপদমর্যাদা সম্পন্ন পদের সংখ্যা ৬৪, অতিরিক্ত সচিব ৭২ এবং যুগ্ম সচিবের ৩৭০ টি পদ রয়েছে।
খসড়ায় যে সব প্রস্তাব রাখা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঋনের টাকা উত্তোলনের তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে গাড়ি কিনতে হবে। কোনো কর্মকর্তা সমগ্র চাকরি জীবনে এক বারের বেশী এ ঋণ গ্রহন করতে পারবেন না।
১২০ টি সমান কিস্তির মাধ্যমে ঋণ আদায় করা হবে। চাকরির মেয়াদকালে কিস্তির পুরো টাকা আদায় করা সম্ভব না হলে ঋণ বাবদ গৃহীত অপরিশোধিত অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তার গ্র্যাচুয়িটি, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড থেকে এককালীন আদায় করার প্রস্তাব রাখা হয়েছে প্রণীত খসড়ায়।
ঋনের সম্পূর্ণ কিস্তি পরিশোধের পর সংশ্লিষ্ট কর্মকর্তা গাড়ির মালিক হবেন।
সরকারি কর্মকর্তাদের যাতায়াত ভাতা ও গাড়ি সেবার পরিবর্তে আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেছিল মো. মুজিবুল হকের নেতৃত্বাধীন ষষ্ঠ জাতীয় বেতন কমিশন ২০০৪।
বেতন কমিশনের সুপারিশের বিষয়টি বিবেচনায় এনে প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ঋণ দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংস্থাপন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
কমিশনের সুপারিশে বলা হয়েছে, "গাড়ির প্রাধিকার প্রাপ্ত কোন কর্মকর্তা গাড়ি ব্যবস্থাপনা সেবা গ্রহনের পরিবর্তে যদি আর্থিক সুবিধা গ্রহন করতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে তাকে মাসিক নগদ ১৪ হাজার টাকা হারে ভাতা প্রদান করা যেতে পারে। গাড়ি প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা যিনি গাড়ি ব্যবস্থাপনা সেবার পরিবর্তে নগদ আর্থিক সুবিধা গ্রহণ করবেন তাকে মাসিক কিস্তিতে আদায়ের শর্তে গাড়ি ক্রয়ের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত/স্বল্পতর সুদে ঋন প্রদান করা যেতে পারে। "
কমিশনের প্রতিবেদনে বলা হয়, প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি গাড়ির জন্য মাসে ২০০ লিটার জ্বালানি ও একজন চালক দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে গাড়ি রক্ষণাবেক্ষনের ব্যয়ও সরকারকে বহন করতে হয়।
সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাবের উদ্ধৃতি দিয়ে বেতন কমিশনের প্রতিবেদনে আরো বলা হয়, প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত প্রতিটি গাড়ির অপচয়সহ মাসিক গড় ব্যয় হয় - প্রতি কারের জন্য ৩৭ হাজার ৪১৩ টাকা, জীপ গাড়ির জন্য ৫৮ হাজার ৭২২ টাকা এবং মাইক্রোবাসের জন্য ৫৮ হাজার ৭২২ টাকা।
গাড়ি প্রতি এ বিপুল অঙ্কের ব্যয় একদিকে সরকারের রাজস্ব ব্যয়ের ওপর চাপ পড়ে, অন্যদিকে সরকারি কর্মকর্তাদের মধ্যে গাড়ি ব্যবহারের ক্ষেত্রে অপচয়, অপব্যবহার বৃদ্ধি এবং দুর্নীতির ক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয় কমিশনের প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জিএনএ/১৫২২ ঘ.
bdnews24