চট্টগ্রাম, জানুয়ারি ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ সুগন্ধা এলাকার ব্যবসায়ী শাহেদ চৌধুরী মঙ্গলবার দুপুর বারটা থেকে আধঘণ্টা অপেক্ষা করেও মিটারে নির্ধারিত ভাড়ায় সিএনজি চালিত অটো রিকশা করে আদালত ভবনে আসতে পারেননি। শেষ পর্যন্ত ৫০টাকা ভাড়ায় তাকে গন্তব্যে পৌঁছাতে হয়েছে।
শুধু শাহেদ চৌধুরীই নন, একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আগ্রাবাদ এলাকার চাকরিজীবী শাহাদাত হোসেন, সাংবাদিক চৌধুরী ফরিদসহ আরও অনেকে।
১ জানুয়ারি থেকে মিটার ছাড়া সিএনজি চালিত অটোরিকশা নগরীর রাস্তায় চলবে না এ ঘোষণার পরও চালকদের কাছে জিম্মি হয়ে ছিলেন যাত্রীরা।
মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দিনভর সাঁড়াশি অভিযানের পরও অটোরিকশা যেমন চলেছে তেমনি মিটারে যেতে রাজি হচ্ছিলেন না চালকরা।
সিএমপি'র ট্রাফিক বিভাগ নগরীর গুরুত্বপূর্ণ ১১ টি স্থানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালালেও অধিকাংশ চালকই মিটারে যেতে অপারগতা প্রকাশ করেছেন।
সিএমপি এর উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিন শতাধিক অটো রিকশা আটক করা হয়েছে। আটককৃত অটোরকিশাগুলো নগরীর সদরঘাটস্থ ডাম্পিং মাঠে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি জানান, সীমিত জনবল সত্ত্বেও মিটারবিহীন অটোরিকশা রাস্তায় চলাচল রোধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। শুধু জরিমানা নয়, অপরাধ করা চালককেও অটোরিকশাসহ আটক করা হচ্ছে।
সন্ধ্যা থেকে ট্রাফিক বিভাগের সদস্যরা সাদা পোশাকে যাত্রী সেজে সিএনজি চালকরা মিটারে নির্দিষ্ট ভাড়ায় যাত্রী পরিবহন করছে কি না তা পরখ করছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী।
সরেজমিনে দেখা গেছে, সিএমপি এর ট্রাফিক বিভাগের কঠোর নজরদারির পর সকাল থেকেই রাস্তায় সিএনজি অটো রিকশা কম দেখা গেছে। এতে অফিসগামী লোকদের ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয়। এ সুযোগে কিছু চালক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করেছে।
দুই দফা ঘোষণা ও মিটারে ভাড়া ও মালিককে দেয়া জমার হার নতুন করে ঠিক করে দেয়া সত্ত্বেও চালকদের এই ধরনের আচরণে ক্ষুব্ধ যাত্রীরা।
অপরদিকে মালিকের অতিরিক্ত জমার হারের কারণে মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না বলে দাবি করেছেন চালকরা। চালক ও মালিকদের এই বিপরীত অবস্থানের কারণে যাত্রীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
মঙ্গলবার সকালে সিএমপি কমিশনার রাস্তায় মিটারবিহীন অটোরিকশা রাস্তায় থাকবে না ঘোষণা দেয়ার পরও সন্ধ্যা থেকে ভিন্ন চিত্র দেখা গেছে।
এ প্রসঙ্গে উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলী বলেন, একদিনেই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব নয়। আমরা ধীরে ধীরে চালকদের এ জাল ভাঙতে চাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24