নীলফামারী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী-সৈয়দপুর সড়কের ধোরধোরায় সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শককে পিটিয়ে আট রাউন্ড গুলিসহ তার একটি পিস্তল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত উপ-পরিদর্শক (এসআই) নূর আলমকে রাতেই সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নুর আলম (৩০) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারে সোমবার রাত ১২টার দিকে নীলফামারী থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। রাত পৌনে ১টার দিকে ধোরধোরায় দুবৃত্তরা গাছের গুড়ি ফেলে তার পথ রোধ করে। ৭/৮ জনের দুর্বৃত্তদল নুর আলমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে সঙ্গে থাকা আট রাউন্ড গুলিসহ পিস্তল ছিনিয়ে নিয়ে যায়। রাত দেড়টার দিকে তাকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি জানান, পিস্তল ও গুলি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের হুগুলিপাড়ার উমাল উদ্দীনের ছেলে আজিজুল ইসলাম (৩৫), সংগলশী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে নুর আলম (২৮) ও দারোয়ানী টেক্সটাইল মিলস এলাকার কেরামত আলীর ছেলে রব্বানীকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24