২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শহরে বার্ড ফ্লু আক্রান্ত মুরগি নিধন

দিনাজপুরের চিরিরবন্দর ও হাকিমপুর উপজেলার পর এবার পৌর এলাকায় একটি খামারের মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর নিধন করা হয়েছে। সোমবার গভীর রাতে খামারের দুই শতাধিক মুরগি নিধন ও দেড় হাজার ডিম ধ্বংস করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

দিনাজপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দর ও হাকিমপুর উপজেলার পর এবার পৌর এলাকায় একটি খামারের মুরগি বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর নিধন করা হয়েছে। সোমবার গভীর রাতে খামারের দুই শতাধিক মুরগি নিধন ও দেড় হাজার ডিম ধ্বংস করা হয়। শহরের পুলহাট এলাকায় প্রভাতী পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জানান, তার খামারে প্রায় পাঁচ শতাধিক মুরগি ছিল। ঈদের দিন থেকে ফার্মের দু'একটি করে মুরগি মরতে থাকে। এভাবে গত শনিবার পর্যন্ত প্রায় দু'শ মুরগি মারা যায়। মুরগি মারা যাওয়ার বিষয়টি তিনি জেলা পশু সম্পদ অফিসে অবহিত করলে পশু সম্পদ অফিস থেকে মৃত মুরগির নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর বার্ড ফ্লু সনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার গভীর রাতে ফার্মের অবশিষ্ট মুরগি নিধন ও ডিম ধ্বংস করা হয়। সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. দেবাশীষ দাস মুরগী নিধনের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রভাতী পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বিষয়টি আমাদের জানালে আমরা ২৬ ডিসেম্বর তার খামারে মুরগির রোগ নির্ণয়ের কাজ শুরু করি। চারদিন কাজ করে রোগ নির্ণয় করতে না পেরে ৩০ ডিসেম্বর মৃত মুরগির নমুনা জয়পুরহাটে পাঠানো হয়। সেখানে প্রাথমিক রিপোর্টে বার্ড ফ্লু সনাক্তের পর নমুনা সাভার পশু সম্পদ গবেষণাগারে পাঠানো হয়। সাভার থেকে সোমবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে ফ্যাক্স যোগে বার্ড ফ্লু আক্রান্তের চুড়ান্ত রিপোর্ট আসে।" তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে পশু সম্পদ বিভাগের কর্মকর্তারা সোমবার মধ্য রাতে খামারের অবশিষ্ট ২২০ টি মুরগি নিধন ও ১৫৮০টি ডিম ধ্বংস করেন। এসময় জেলা পশু সম্পদ কর্মকর্তা এ কে এম নুরুজ্জামান খান চিরিরবন্দর পশু সম্পদ কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম ভেটেরিনারী সার্জেন্ট এ কে এম মোশাররফ হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক ইমাম ও কোতয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক খালিদ হাসান উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ৬ জুন চিরিরবন্দর উপজেলার সাত নালা গ্রামের জেহের আলীর বাড়িতে প্রথম বার্ড ফ্ল' ধরা পড়ে। সেখানে প্রায় সাড়ে তিন হাজার দেশি হাঁস-মুরগি ও কবুতর নিধন করা হয়। এর পর সর্বশেষ গত ২৬ ডিসেম্বর হাকিমপুর উপজেলার ষ্টেশন পাড়ার গোলাপ চৌধুরীর পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু ধরা পড়ে এবং সেখানে ১৩শ ৪২টি মুরগি নিধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৮ ঘ.