২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিল শ্যোন অ্যারেস্ট, রিমান্ড শেষে তারেককে কারাগারে প্রেরণ

সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে মঙ্গলবার (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. এনামুল হক চৌধুরী তাকে গ্রেপ্তার দেখানোর জন্য এ আবেদন জানালে মামলা দায়েরের ১৩ দিন পর তাকে গ্রেপ্তার দেখানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে মঙ্গলবার (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. এনামুল হক চৌধুরী তাকে গ্রেপ্তার দেখানোর জন্য এ আবেদন জানালে মামলা দায়েরের ১৩ দিন পর তাকে গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, আবদুল জলিল জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৬৫ লাখ ২৯ হাজার ২শ ২৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অভিযুক্তকে মতিঝিল থানার সাধারণ ডাইরি নম্বর ২২৯৯ তারিখ ২৯ মে' ২০০৭ এর মূলে আটকাদেশ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অসুস্থ থাকায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আবেদনে আরো বলা হয়, মামলার প্রথমিক তদন্তে সাক্ষ্য প্রমাণে সত্যতা পাওয়া যাচ্ছে। তদন্তাধীন এ মামলায় তাকে (শ্যোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো প্রয়োজন। গত ১৮ ডিসেম্বর রমনা থানায় জলিলের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়। ওদিকে, সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া ও প্রকৃত সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালতের একই হাকিম। এ মামলার রিমান্ড আদেশের ২৪ দিন পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ৬ ডিসেম্বর হাকিম মো. গোলাম রাব্বানী তারেককে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছিলেন। মঙ্গলবার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া তারেকের মেরুদন্ডের ব্যথার বিষয়ে চিকিৎসার আবেদন জানালে আদালত কারা কর্তৃপক্ষকে তারেকের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আইনজীবীদের আবেদনের পরিপ্র্রেক্ষিতে কারাগারে চারজন আইনজীবীকে তারেকের সঙ্গে মামলা বিষয়ে আলোচনার জন্য কারাগারে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, তারেকের স্ত্রী ডা. জুবাইদা রহমান, শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে আসামি করে দুদকের উপপরিচালক জহিরুল হুদা এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, তারেক মোট চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা জ্ঞাত আয় বাহির্ভূতভাবে অর্জন করেন। অথচ গত ৭ জুনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৩৯৬ টাকার সম্পদের হিসাব দাখিল করা হয়। ওই অবৈধ সম্পদ অর্জনে স্ত্রী ও শ্বাশুড়ি তারেককে সাহায্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএ/১৩৫৫ঘ.