ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকার দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর থেকে রোববার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ৩৬০টি দুর্নীতি বিরোধী মামলা দায়ের হয়েছে।
এসব মামলার ৩৪টিতে অভিযুক্তদের পরিবারের সদস্যসহ ৪০ জনকে বিভিন্ন মেয়াদের দণ্ড ও জরিমানা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটিসহ আরো ৫২টি দুর্নীতি মামলা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।
গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (এনসিসি) চেয়ারম্যান ও যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন রোববার রাজধানীর আবদুল গণি রোডের রেল ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, দুর্নীতি বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন ১৫৭টি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫২টি, পুলিশ ১২টি মামলা করেছে। এছাড়া দুর্নীতির অভিযোগে ব্যক্তিগত পর্যায়ে আরো ৩৯টি মামলা হয়েছে।
এসব মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের ১২টি, এনবিআরের ১১টি, পুলিশের ১০টি এবং কমিশনের জেলা কার্যালয়ের একটি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এনবিআরের ১১টি মামলায় মোট ১৭ জনকে দণ্ড ও জরিমানা করা হয়েছে।
এম এ মতিন জানান, এনসিসি এ পর্যন্ত ১৪২ জন সন্দেহভাজনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম তালিকার ২০টি মামলায় ২২ জন, দ্বিতীয় তালিকার ১৩টি মামলায় ১৭ জন এবং তৃতীয় তালিকার একজনকে দণ্ড দিয়েছে আদালত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২৩১২ ঘ.
bdnews24