ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলসহ দেশের সামগ্রিক ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সবাইকে বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক আমলাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার ঢাকার শেরাটন হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত 'সংস্কার প্রস্তাবনা' শীর্ষক সেমিনারে তারা গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার স্বার্থে সংস্কার প্রক্রিয়া রাজনীতিবিদদের মাধ্যমে পরিচালনার ওপরও জোর দেন।
সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের যে কোনো ধরনের ভূমিকার বিরোধিতা করেন। তিনি বলেন, এসব ক্ষেত্রে নাক গলালে কমিশন অচিরেই বিতর্কিত হয়ে পড়তে পারে।
তিনি বলেন, "মানুষের ইতিহাসে সফল সংস্কারের চেয়ে ব্যর্থতা অনেক বেশি। সংস্কারের ক্ষেত্রে বাস্তববাদী না হলে ফল খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।"
সেমিনারে সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী বলেন, "সংস্কার বিপ্লবের চেয়েও কঠিন। এটি সুচিন্তিত, সমন্বিত, ধারাবাহিক এবং ধাপে ধাপে না হলে ব্যর্থ হতে পারে। যে সংস্কারের কথা বলা হচ্ছে তার জন্য মানসিকতার পরিবর্তন প্রয়োজন। সংস্কৃতি থাকলে অনেক ক্ষেত্রে বিধিবিধান প্রয়োজন হয় না। আবার বিধিবিধান থাকলে সেটা সংস্কৃতি নির্মাণে সহায়তা করে।"
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান নির্বাচিত স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের ওপর জোর দেন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, "রাজনীতির দুর্বৃত্তায়ন হওয়ায় ব্যবসায়ীরা পয়সা কামানোর ধান্ধায় রাজনীতিতে নেমেছে। রাজনীতি সঠিক পথে থাকলে এমনটি ঘটত না।"
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিরঙ্কুশ হতে পারে না। তাই ক্ষমতা কাঠামোতে ভারসাম্য আনতে হবে।
তিনি রাজনৈতিক দলগুলোর তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনার প্রস্তাব করে বলেন, কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি এ নিয়ে বিভ্রান্তি থাকলে চলবে না। দল চালানোর জন্য চাঁদা নিতেই হবে, তবে সেক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে।
সেমিনারে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "সবাই ১৫ বছর গণতন্ত্রের সময়কার সমস্যা দেখেন। এর আগে ১৫ বছরের স্বৈরশাসনের সমস্যাও দেখতে হবে। গণতান্ত্রিক আমলে দেশের উন্নতি, বিদেশ নির্ভরতা কমে আসা এবং আরও বেশ কিছু সূচকে এগিয়ে যাওয়ার বিষয়টি এড়িয়ে গেলে চলবে না। এদেশের মানুষ যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তখন সামরিক জান্তার হস্তক্ষেপে তা ব্যাহত হয়েছে। এটি অবশ্যই মাথায় রাখতে হবে।"
বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন উল্লেখ করে ইনু বলেন, "তবে গণতান্ত্রিক সংস্কার করতে হলে অবশ্যই ধর্মভিত্তিক রাজনীতি, যুদ্ধাপরাধীদের রাজনীতি ও লুটেরাদের রাজনীতি বন্ধ করতে হবে।"
তিনি রাজনীতির সংস্কার রাজনীতিবিদদের মাধ্যমেই করার ওপর জোর দিয়ে বলেন, "জুতা যার জন্য বানানো হবে তার পায়ের মাপে না বানালে কাজে আসবে না।"
সেমিনারের সভাপতি অধ্যাপক আতাউর রহমান সংস্কার বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন করেন। এর ওপর আলোচনায় অংশ নেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব, সাবেক প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর, আবুল হোসেন চৌধুরী, আব্দুল মালেক রতন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, গোলাম সারোয়ার মিলন, শিরীন আখতার, এবাদুর রহমান, জিএম কাদের, মোফাজ্জল করিম, শাহেদা ওবায়েদ, জেড এ খান, ড. হাসান মাহমুদ, ড. মশিউর রহমান, জহিরউদ্দিন স্বপন প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/এসএনডি/২১২৩ ঘ.
bdnews24