২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

বাগেরহাট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, শুক্রবার সকালে বাগেরহাট-রূপসা সড়কের চাঁপাতলা এলাকায় বাসচাপায় একজন পথচারী এবং বৃহস্পতিবার রাতে বাগেরহাট-খুলনা সড়কের যৌ-খালী সেতুর কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, শুক্রবার সকালে বাগেরহাট-রূপসা সড়কের চাঁপাতলা এলাকায় বাসচাপায় একজন পথচারী এবং বৃহস্পতিবার রাতে বাগেরহাট-খুলনা সড়কের যৌ-খালী সেতুর কাছে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। সদর থানার উপ পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে চাঁপাতলা মুন্সীবাড়ীর মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আছিয়া বেগম (৭০) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আছিয়া বেগম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের মরহুম আফছার উদ্দিনের স্ত্রী। অন্যদিকে বৃহস্পতিবার রাতে যৌ-খালী সেতুর কাছে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে বাস চালক শহিদুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান। উপ পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, শহিদুলের বাড়ি সদর উপজেলার ফতেপুর গ্রামে। শুক্রবার তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনায় বাগেরহাট সদর থানায় আলাদা মামলা হয়েছে। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে একজন বাসযাত্রী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী মোল্লা জানান, বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেকে/১৯৫৬ ঘ.