২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোস্টেল সুপারকে অপসারণের দাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

হোস্টেল সুপারের পদত্যাগ ও ডাইনিং খুলে দেওয়ার দাবিতে শুক্রবার বিকালে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হোস্টেল সুপারের পদত্যাগ ও ডাইনিং খুলে দেওয়ার দাবিতে শুক্রবার বিকালে অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্ররা জানায়, শুক্রবার দুপুরে হঠাৎ করেই হোস্টেল সুপারসহ কয়েকজন শিক্ষক বিভিন্ন কক্ষ থেকে ইলেকট্রিক হিটারগুলো নিয়ে যায়। এর ফলে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রোজায় ডাইনিং বন্ধ থাকায় ইফতার ও রাতের খাবার নিয়ে অনিশ্চয়তা পড়ে উত্তেজিত ছাত্ররা বেলা ৩টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বিকাল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ করে তারা। ছাত্রদের অভিযোগ, রমজান মাসে ছাত্র কম থাকায় হিটার পরিচালনা করে রান্নার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষ তাদের অনুমতি দিয়েছিল। হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত হঠকারী। বিক্ষোভের মুখে অধ্যক্ষ শামস উল হক বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। অধ্যক্ষ শামস উল হক সাংবাদিকদের বলেন, রোজায় ছাত্র কম থাকায় হোস্টেল চালানো যাচ্ছিল না বলে ছাত্রদের ডাইনিং পরিচালানার জন্য বলা হলেও হিটার ব্যবহারের কোনও নিয়ম নেই। বিষয়টি নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে অধ্যক্ষ জানান। বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৭ ঘ.