২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নগরীর বাকলিয়া থানার বৌ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার দুপুরে দুই তরুণ মারা গেছে। গুরুতর আহত এক জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার বৌ বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার দুপুরে দুই তরুণ মারা গেছে। গুরুতর আহত এক জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। যারা মারা গেছেন তারা হলেন, গিয়াস উদ্দিন কামরুল (২০) ও রাসেল (১৩)। গিয়াসের বাবার নাম আক্কাস উদ্দিন এবং রাসেলের বাবার নাম আবু আলম। আহতের নাম আব্দুলাহ (১৯)। তারা সবাই বৌ বাজারের ডিসিরোডের বাসিন্দা। দক্ষিণ বাকলিয়ার ওয়ার্ড কমিশনার মো. ইয়াসিন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চাক্তাই খাল পাড়ের একটি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়ে। তিন তরুণ জুমার নামাজ শেষে সেখান দিয়ে যাওয়ার সময় তড়িতাহত হয়। গুরুতর আহত তিন জনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বাকলিয়া কেন্দ্রে জানানো হয়েছে বলে ওয়ার্ড কমিশনার জানান। বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক শামসুল আলম জানান, বিদ্যুৎস্পৃষ্টের সংবাদ পেয়ে সেখানে থানার একটি দল পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএআর/এমআই/১৭০০ ঘ.