নড়াইল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে নড়াইলের নড়াগাতি থানার ইসলামপুর গ্রামের জাকির শেখকে (২২) ১৭ বছর এবং একই গ্রামের নজরুল ইসলামকে (২৫) ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার নড়াইল বিশেষ আদালত-৪ এর বিচারক মো. জিয়া হায়দার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ এপ্রিল রাতে কালিয়া থানার মির্জাপুর থেকে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জাকিরের কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড গুলি এবং নজরুলের কাছ থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মির্জাপুর গ্রামের আবু রেজা ইউসুফ বাদি হয়ে ১৮ এপ্রিল কালিয়া থানায় একটি মামলা করেন।
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাইয়েব আলী আসাদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২১৩৯ ঘ.
bdnews24