২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে সাপ্তাহিক ২০০০ এর বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক, প্রকাশক ও একটি নিবন্ধের লেখক দাউদ হায়দারের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের আল-জামিয়া আল ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূ-সম্পত্তি সংরক্ষণ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রেজা মঙ্গলবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল আহসানের আদালতে মামলাটি দায়ের করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর তিনি প্রথম আলোর বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক, প্রকাশক ও একটি নিবন্ধের লেখক দাউদ হায়দারের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামের আল-জামিয়া আল ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূ-সম্পত্তি সংরক্ষণ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রেজা মঙ্গলবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল আহসানের আদালতে মামলাটি দায়ের করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর তিনি প্রথম আলোর বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করেছিলেন। মামলার এজাহারে সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক গোলাম মোর্তোজা, প্রকাশক মাহফুজ আনাম ও লেখক দাউদ হায়দারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতা এবং প্রকাশনা ও ছাপাখানা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক), ১২৪ (ক), ১২৩ (ক), ১০৯ ও ছাপাখানা নিবন্ধীকরণ আইন ২০ এর (ঙ) (ক) (৪)/৩২ ধারায় মামলা করা হয়। এর মধ্যে ১২৪ (ক) ও ১২৩ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে। এ অভিযোগে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হলেও বাদী তা নেননি বলে তার আইনজীবী আবুল খায়ের বিডিনিউজ টুয়োন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেন। তিনি বলেন, "আদালত আমাদের সব অভিযোগ আমলে নিয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। পুলিশ সবগুলো অভিযোগ গ্রহণ করলে একে রাষ্ট্রদ্রোহিতা মামলা হিসেবে গণ্য করতে অসুবিধা নেই।" জার্মানিতে নির্বাসিত দাউদ হায়দারের 'সূতানটি সমাচার' শিরোনামে একটি লেখা ছাপানোর কারণে গত ২০ সেপ্টেম্বর সরকার সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যা বাজেয়াপ্ত করে। ওই লেখার মাধ্যমে জনগণের ধর্মানুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে সে সময় জানানো হয়। তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গত ২০ সেপ্টেম্বর রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যায় প্রকাশিত একটি লেখা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় সংখ্যাটি বাজেয়াপ্ত করা হয়েছে।" স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম একই রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাপ্তাহিক ২০০০ এ 'সূতানটি সমাচার' শিরোনামে একটি লেখা ছাপানোর কারণে লেখাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বিধায় সংখ্যাটি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।" এর আগে 'ধর্মীয় অনুভূতিতে আঘাত করা' কার্টুন প্রকাশের অভিযোগে প্রথম আলোর রম্য সাময়িকী আলপিনের ৪৩১তম সংখ্যা বাজেয়াপ্ত করে সরকার। কার্টুনিস্ট আরিফুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এসএনডি/এমএ/২০১৯ ঘ.