২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মামলা তদন্তে পূর্ণ সহযোগিতা দিয়েছেন সাবেক ৫ মন্ত্রী

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার তদন্তে সাবেক জোট সরকারের পাঁচ মন্ত্রী পূর্ণ সহযোগিতা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার তদন্তে সাবেক জোট সরকারের পাঁচ মন্ত্রী পূর্ণ সহযোগিতা করেছেন। কমিশন সচিব মোখলেস-উর রহমান মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে সকাল ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত বিভিন্ন সময়ে সাবেক জোট সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পাঁচ সদস্য সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, শামসুল ইসলাম ও মতিউর রহমান নিজামী কমিশন কার্যালয়ে গিয়ে তদন্তকারীদের প্রশ্নের জবাব দেন। সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব বলেন, "দেশের গুরুত্বপূর্ণ ও সম্মানিত সাবেক পাঁচ মন্ত্রী কমিশনে এসে আলাদাভাবে তাদের বক্তব্য দিয়েছেন। কমিশন তাদের বক্তব্য গ্রহণ করেছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে এসেছেন। তারা কমিশনকে পূর্ণ সহযোগিতা করেছেন।" তিনি জানান, সাবেক মন্ত্রীরা দীর্ঘ সময় ধরে নথি দেখে তদন্তকারী কমিটির কাছে তাদের বক্তব্য ও পর্যবেক্ষণ জানিয়েছেন। এজন্য আর তাদের হাজির হওয়ার প্রয়োজন হবে না। সচিব জানান, কারারুদ্ধ আরও দুই সাবেক মন্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। এজন্য কারা উপ-মহাপরিদর্শকের কাছে আবেদনও করা হয়েছে। সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাজিরা সম্পর্কে তিনি বলেন, তার স্থায়ী ঠিকানায় নোটিশ গেছে। তদন্তের নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে কমিশনে আসতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসএম/এসএনডি/এমএ/১৭২৫ ঘ.