২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আলমের বিরুদ্ধে কর ফাঁকি মামলার রায় ৩০ সেপ্টেম্বর

কর ফাঁকির অভিযোগে বসুন্ধরা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে ৩০ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে বসুন্ধরা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে ৩০ সেপ্টেম্বর। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিশেষ জজ আদালত- ৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন রায় ঘোষণার তারিখ দেন। শাহ আলম ছাড়া এ মামলার অন্য আসামিরা হচ্ছেন- প্রতিষ্ঠানটির পরিচালক ও শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সাদাত সোবহান, সাফায়েত সোবহান, সায়েম সোবহান, উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও চার্টার্ড একাউনটেন্ট এম এম কুদ্দুস। এদের মধ্যে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। রোববার তাকে ছাড়া অন্যদের বিরুদ্ধে রায় দেওয়া হবে। গত ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামিরা ২০০০-০১ করবর্ষ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত মোট আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকার কর ফাঁকি দিয়েছেন। মোস্তাফিজুর রহমান ছাড়া মামলার বাকি আসামিরা এখনো পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএনডি/এমএ/১৬৩২ ঘ.