কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হোসেনপুর উপজেলায় মঙ্গলবার ভোররাতে পুলিশ-সন্ত্রাসী 'বন্দুকযুদ্ধে' আব্দুল জব্বার (৪৫) ও আব্দুল করিম (৪০) নামে দুই জন নিহত হয়েছে। ওই সময় তিন পুলিশ সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, একটি অপহরণকারী মামলার আসামি করিমকে নিয়ে অন্য আসামিদের ধরতে এক দল পুলিশ সোমবার মধ্যরাতে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় অভিযানে যায়। রাত ৩টার দিকে পিতলগঞ্জ-আনজাই হাওর এলাকায় পৌঁছলে করিমের সহযোগীরা গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় করিম। জব্বারও গোলাগুলিতে পড়ে মারা যায়।
বন্দুকযুদ্ধে সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল হুদা এবং কনস্টেবল নূর মোহাম্মদ ও আনিছুজ্জামান আহত হন বলে ওসি ফজলুল করিম জানান।
তিনি আরও জানান, নিহত জব্বারের বিরুদ্ধে অপহরণ, ডাকাতি ও অস্ত্র আইনে ১২টি এবং করিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ফজলুল করিম জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৬ ঘ.
bdnews24