ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি পর্যায়ে করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
চলতি বছর ব্যক্তি পর্যায়ের করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান সোমবার বিকেলে সাংবাদিকদের বলেন, "বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। তাছাড়া রোজা ও বন্যার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।"
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি শ্রেণীর করদাতারা স্বনির্ধারণী পদ্ধতিতেও রিটার্ন দাখিল করতে পারবেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, যারা বছরে দেড় লাখ টাকা বা তার বেশি আয় করেন তারা আয়করের আওতাভুক্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/১৬০৫ ঘ.
bdnews24