ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পোশাক শিল্পে বিরাজমান সমস্যা নিরসনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে জাতীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ পোশাক শিল্পে বিরাজমান শ্রম অসন্তোষ সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরে বলেছে, এ শিল্পের সমস্যা সমাধানে সমন্বিত জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি। ঢালাওভাবে শ্রমিক আন্দোলনকে দোষারোপ না করে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা এবং এ ধরনের বিষবৃক্ষ উপড়ে ফেলার এখনই উপযুক্ত সময়।
তাদের অভিযোগ, "গত বছরের জুনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নে কিছু গার্মেন্টস মালিক সময়ক্ষেপণ করছেন। এ কারণে পোশাক শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে।"
ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি) এর সংবাদ সম্মেলনে বলা হয়, "শ্রমিকদের ৩ দফা দাবি নিয়ে যে অচলাবস্থা এবং পরবর্তী সময়ে সহিংস ঘটনা ঘটে তাতে আমরা আতঙ্কিত ও হতবাক হয়েছি। নাসা গ্র"প লে অফ ঘোষণা না করে আরও ধৈর্যের পরিচয় দিলে হয়ত উদ্ভুত পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যেত।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো.তৌহিদুর রহমান। এ সময় পোশাক শিল্প শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএ/১৯.৩১ঘ
bdnews24