ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমের সম্পত্তি ক্রোক করতে গিয়ে পুলিশ তার কোন সম্পদের খোঁজ পায়নি। বনানীর বাড়িটি স্ত্রীর নামে থাকায় তার সম্পত্তি ক্রোক করা যায়নি বলে জানিয়েছে গুলশান থানা।
জালিয়াতি করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ওবায়দুল করিমের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার গুলশান থানা কর্তৃপক্ষ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের কাছে ওবায়দুল করিমের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে।
ওই প্রতিবেদনে বলা হয়, ওবায়দুল করিমের বনানীর বাড়িটি তার স্ত্রী আরজুদা করিমের নামে। তাই পুলিশ তার কোন সম্পত্তি ক্রোক করতে পারেনি।
জালিয়াতি করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ওবায়দুল করিম ও ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৭ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তা হচ্ছেন ব্যাংকটির প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হারুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদউল্লাহ, এভিপি মো. ফজলুর রহমান, এভিপি এ কে এম নেয়ামতউল্লহ ও নিবার্হী কর্মকর্তা এ এন এম রকিবুল ইসলাম।
আদালত তাদের সবার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার একই আদালত কর ফাঁকির অভিযোগে রাজস্ব বোর্ডের দায়ের করা পৃথক মামলায় সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ খানের স্ত্রী মাসুদা শহীদ এবং ঢাকা-৪ আসনের বিএনপি'র সাবেক সাংসদ সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী শামসুন্নাহার এবং ছেলে ইমরান আহমেদের সম্পত্তি ক্রোকের জন্য পরোয়ানা জারি করেছেন।
আদালত এই আদেশ দিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোক পরোয়ানার ফেরত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
১৬ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড তিনটি মামলা দায়ের করা হয়। আদালত ওই দিনই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিরা পলাতক রয়েছেন।
একই আদালত জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি মামলায় সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেনের স্ত্রী নাজনীন বানুকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।
এ আদেশ দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ সময় আ ন হ আখতার হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
এছাড়া একই আদালতে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের দায়ের করা অপর মামলায় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদকে হাজির করা হয়। এ মামলার অপর আসামি ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হকের বিরুদ্ধে জারি করা সম্পত্তি ক্রোকের প্রতিবেদন ফেরত না আসায় আগামী ২৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলায় আ ন হ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানুর বিরুদ্ধে উত্তরা থানার মামলায় গত ৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক গত ১৬ সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন ও তার স্ত্রী নাজনীন বানু এবং এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হকের সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এফবিসিসিআই এর সভাপতি মীর নাসির হোসেনের ভাই ঠিকাদার মীর জহিরের কাছ থেকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও ইকোনো গ্র"পের চেয়ারম্যান কাজী সালিমুল হক ঘুষ নিয়েছেন বলে গত ২৯ মে শাহবাগ থানায় দুদক মামলা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএসবি/জিএনএ/২১৫৯ ঘ.
bdnews24