ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অপহৃত ব্র্যাক কর্মকর্তা নুরুল ইসলামকে উদ্ধারের ব্যাপারে দৃঢ় আশাবাদ জানিয়েছে আফগানিস্তান সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানিয়েছে, নুরুল ইসলামের মুক্তির ব্যাপারে তারা খুবই আশাবাদী।"
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ ব্যাপারে পাকিস্তানের হাই কমিশনার আলমগীর বাবরের সঙ্গেও তার কথা হয়েছে। পাকিস্তানের হাই কমিশনার বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
ইফতেখার আহমদ চৌধুরী বলেন, "নুরুল ইসলামকে দ্রুত উদ্ধার করা না গেলে প্রধান উপদেষ্টা আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারযাইয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দুই সরকার প্রধানের দেখা হবে।"
তিনি আরও বলেন, "আমরা তাকে উদ্ধারের ব্যাপারে চেষ্টার ত্র"টি রাখবো না।"
অপহরণকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "কারা তাকে অপহরণ করেছে তা এ মুহূর্তে বলা কঠিন। তবে আফগানিস্তানে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।"
বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) আঞ্চলিক ব্যবস্থাপক নুরুল ইসলামকে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে আফগানিস্তানের লোগার প্রদেশের কার্যালয় থেকে অপহরণ করা হয়। এ সময় বন্দুকধারীরা ৩০ হাজার আফগান মুদ্রা লুট করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএ/১৭৪৬ ঘ.
bdnews24