২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের সাবেক সাংসদ সালাউদ্দিনের বিরুদ্ধে জরুরি বিধিমালায় অভিযোগপত্র

চাঁদাবাজি ও জমি দখল চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাভারে বিএনপির সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ চার জনের বিরুদ্ধে জরুরি বিধিমালা আইনে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 08:10 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সাভার, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও জমি দখল চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাভারে বিএনপির সাবেক সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ চার জনের বিরুদ্ধে জরুরি বিধিমালা আইনে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার উপ পরিদর্শক গোলাম মোর্শেদ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে এজাহারভুক্ত দুই আসামির নাম বাদ দেওয়া হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০০৫ সালের ১ জুলাই তৎকালীন সাংসদ সালাউদ্দিন তার সহযোগী জলিল মুন্সি, ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল হোসেন মোল্লা, তার ভাই আমজাদ হোসেন মোল্লা, সাভার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশেক আলী মোল্লা ওরফে আশু মোল্লা ও জব্বার আলীকে নিয়ে পৌর এলাকার বক্তারপুর মহল্লার এ কে এম আজাদুর রশিদের বসতবাড়ি দখলের চেষ্টা চালান। এ ঘটনায় চলতি বছরের ২৪ জুন একটি মামলা করেন আজাদুর রশিদ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বুধবার দাখিল করা অভিযোগপত্রে আশেক আলী মোল্লা ও জব্বার আলীর নাম বাদ দিয়েছে পুলিশ। পুলিশের উপ পরিদর্শক গোলাম মোর্শেদ জানান, আশেক আলী ও জব্বার আলীর বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। সাবেক সাংসদ সালাউদ্দিনসহ মামলার সব আসামি এখন পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/