২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় খুলনায় বিএনপি নেতাসহ ৫ জনের কারাদণ্ড

দুটি চাঁদাবাজির মামলায় খুলনার ডুমুরিয়া থানা বিএনপির সভাপতি ও রঘুনাথপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তফসির আহমেদসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 05:16 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

খুলনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুটি চাঁদাবাজির মামলায় খুলনার ডুমুরিয়া থানা বিএনপির সভাপতি ও রঘুনাথপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তফসির আহমেদসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত। বুধবার খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামাল হোসেন এ রায় দেন। বিএনপি নেতা গাজী তফসীর আহমেদকে দুটি মামলায় তিন বছর করে মোট ছয় বছর কারাদণ্ড, ছয় হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একটি মামলায় ইদ্রিস মোল্লা, হানিফ হাওলাদার ও ফারুক হোসেনকে তিন বছর করে কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড এবং অন্য মামলায় ফারুক সর্দারকে একই সাজা ও জরিমানার নির্দেশ দেয় আদালত। ২০০৬ সালে ৫০ হাজার টাকা চাঁঁদা দাবির অভিযোগে ডুমুরিয়ার ইট ব্যবসায়ী মোসলেম হাওলাদার গত ২৪ মার্চ গাজী তফসীর আহমেদ, ইদ্রিস মোল্লা, হানিফ হাওলাদার, ফারুক হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এছাড়া এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ডুমুরিয়ার ব্যবসায়ী আব্দুল ওহাব মোল্লা একই তারিখে গাজী তফসীর আহমেদ, মো. ফারুক সরদারসহ ছয় জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। দুটো মামলাই দায়ের করা হয় ডুমুরিয়া থানায়। বুধবার আদালত প্রথম মামলায় গাজী তফসীর, ইদ্রিস মোল্লা, হানিফ হাওলাদার ও ফারুক হোসেনকে কারাদণ্ড দেন এবং বাকি ৭ জনকে খালাস দেওয়ার নির্দেশ দেন। দ্বিতীয় মামলায় গাজী তফসীর ও ফারুক সর্দারকে কারাদণ্ড দিয়ে বাকি ৪ জনকে খালাস দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩২৩ ঘ.