চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।
বুধবার মীর নাছির ও মীর হেলালের উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মজনুল আহসান শুনানির তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি পক্ষের আইনজীবীরা নথিপত্র সংগ্রহের জন্য ১০ দিন সময় প্রার্থনা করেছেন। আদালত তিনদিন সময় দিয়ে ২৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে মীর নাছির ও মীর হেলালকে জেল বিধি অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সম্পত্তির তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বাদি হয়ে রোববার মহানগর দায়রা জজ আনোয়ার হোসেনের আদালতে নাছির ও হেলালের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। আদালত সেদিনই মামলা দুটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ছয় কর বছরে ১৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৭৪২ টাকার আয় এবং ঢাকা, চট্টগ্রাম ও হাটহাজারীতে তার গ্রামের বাড়ির সম্পত্তির বিষয়টি গোপন করেন। এই টাকার ওপর তিনি কোনো আয়করও দেননি।
অপরদিকে তার ছেলে মীর হেলাল এনবিআরে জমা দেওয়া হিসাবের বাইরে ৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১০২ টাকার আয় এবং দুই কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৮৫ টাকার সম্পত্তি ও ঢাকায় দুটি প্লট কেনার বিষয়টি উল্লেখ করেননি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অপর একটি মামলায় ঢাকার বিশেষ আদালত মীর নাছির ও তার ছেলেকে ১৩ বছর করে কারাদন্ড দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এমএসবি/২৩১০ ঘ.
bdnews24