বরিশাল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহি ট্রলারে ডাকাতি হয়েছে।
ডাকাতদল অস্ত্রের মুখে ট্রলারের যাত্রীদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
ট্রলার মালিক সেলিম চৌকিদার জানান, সকাল ১০টার দিকে ১০-১২ জন ব্যবসায়ীকে নিয়ে টরকী বন্দরের উদ্দেশে নাজিরপুরের চরমালিয়া গ্রামের ঢালীবাড়ী থেকে ট্রলারটি ছেড়ে যায়।
প্রায় ৩০ মিনিট পর সেটি জয়ন্ত ও আড়িয়াল খাঁ নদীর মোহনায় পড়লে একটি স্পিডবোটে আসা সাত ডাকাত যাত্রীদের ওপর হামলা চালায়।
ট্রলারের যাত্রী নাজিরপুরের ব্যবসায়ী সুলতান ব্যাপারী ও আফজাল ব্যাপারী জানান, টরকী বন্দরে ঈদের মালামাল কিনতে তারা যাচ্ছিলেন। কিন্তু ডাকাতদল তাদের মারধর করে সব টাকা পয়সা নিয়ে পারিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতদের কবলে পড়া ব্যবসায়ীরা ফোনে আমাকে ঘটনাটি জানিয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১০১ ঘ.
bdnews24