২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ও রাজধানীতে সহিংসতা মামলায় এ পর্যন্ত ১৮ জন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাজধানীতে তিনদিনের সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক আছেন। বাকী ১৪ জনের প্রায় সবাই ছাত্র। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম মঙ্গলবার বলেন, " ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালায় এ থানায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত ১৯ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাজধানীতে তিনদিনের সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক আছেন। বাকী ১৪ জনের প্রায় সবাই ছাত্র। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম মঙ্গলবার বলেন, " ছাত্র বিক্ষোভের ঘটনায় জরুরি বিধিমালায় এ থানায় দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত ১৯ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন। এরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও ছাত্র মনিরজ্জামান। এদের মধ্যে অধ্যাপক সদরুল আমিন ও অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করেন।" একই ঘটনায় গাড়ি পোড়ানো মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. রব্বানী বলেন, "গাড়ি পোড়ানো ও মারধরের অভিযোগে দায়ের করা দুটি মামলায় আমরা এ পর্যন্ত বিপ্লব, লিটন মাহমুদ, দ্বীন ইসলাম অ্যাঞ্জেল, সুজন ও মানবেন্দ্র দেবকে গ্রেপ্তার করেছি। এদের মধ্যে সুজন, অ্যাঞ্জেল ও মানবেন্দ্র এখন রিমান্ডে আছেন। অ্যাঞ্জেল একই ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের অন্য একটি মামলারও আসামি।" মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, "মতিঝিল থানা জরুরি বিধিমালায় দায়ের করা একটি মামলায় অভিযোগপত্রভুক্ত চারজন আসিফ, হারুন অর রশীদ, রোকন ও শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।" নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম গোলাম কিবরিয়া বলেন, "নিউ মার্কেট থানায় একটি মামলায় দ্বীন ইসলাম অ্যাঞ্জেল ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। তারা দুজনই ধরা পড়েছেন।" ধানমণ্ডি থানার উপপরিদর্শক রিয়াজউদ্দীন বলেন, "অভিযোগপত্রভুক্ত দুজনই গ্রেপ্তার হয়েছেন। এরা হলেন ছাত্রদল নেতা মোস্তফা জামান শিবলী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজন।" মিরপুর থানার উপপরিদর্শক হেলালউদ্দীন বলেন, "মিরপুর থানার অভিযোগপত্রভুক্ত চার আসামির মধ্যে শুধু ইন্দ্রজিত সাহা ওরফে সাগর ওরফে আকাশ গ্রেপ্তার হয়েছেন।" কোতোয়ালী ও গুলশান থানায় এ ঘটনায় কেউ ধরা পড়েনি বলে জানিয়েছেন দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যথাক্রমে কামরুল ইসলাম ও ওবায়দুল হক। এর মধ্যে কোতোয়ালী থানায় একটি মামলায় দুইজনের বিরুদ্ধে ও গুলশান থানায় দুইটি মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সেনা সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জের ধরে গত ২০, ২১ ও ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ১১টি থানায় জরুরি আইন লঙ্ঘন, ভাঙচুর, অগ্নিসংযোগ, সেনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৮২ হাজারের বেশি লোককে আসামী করে ৫৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে গত ৯ সেপ্টেম্বর ৭ থানার ১৩ মামলায় ৩৬ জনকে আসামী করে অভিযোগপত্র দেয় পুলিশ। প্রয়োজনীয় সাক্ষী না পেয়ে কাউকে আসামী না করেই ৩৮টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এছাড়া সেনা সদস্যকে মারধর, সেনা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলার তদন্ত এখনও চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এমএআর/এমএসবি/এমএ/২০২৫ ঘ.