ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -যুক্তরাষ্ট্রের সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্ট্রাইট বাংলাদেশে সম্ভাব্য দ্রুততম সময়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় "আরো পদক্ষেপ" নেয়ার ওপর জোর দিয়েছেন। দুই দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে গ্যাস্ট্রাইট গত নয় মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতিতে প্রধান নির্বাচন কমিশনারকে সাধুবাদ জানান।
ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক দল, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের অংশগ্রহণের ব্যাপারে গ্যাস্ট্রাইট জোর দিয়েছেন বলে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দুইজনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ২০০৮ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় গ্যাস্ট্রাইট বলেছেন যুক্তরাষ্ট্র সরকার যথা সম্ভব দ্রুত বাংলাদেশে গণতন্ত্র পুনস্থাপনের লক্ষ্যে বাড়তি পদক্ষেপের প্রতীক্ষা করছে।
নির্বাচন কমিশনকে মার্কিন সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিআর/এএল/এসকে/
bdnews24