ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সশ্রম কারাদন্ডপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ডিপজলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ডিপজল বর্তমানে পলাতক রয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৫, কর সার্কেল-৫০ এর উপ কর কমিশনার মো. মাহতাসিবুর রহমান খান ডিপজলের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুপুর ১২টায় জবানবন্দী দেন।
মামলায় বলা হয়, ডিপজল ১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন করবর্ষে দাখিল করা আয়কর রিটার্নে ১২ কোটি ১৪ লাখ ২ হাজার ৯৯৯ টাকা ৭০ পয়সা উল্লেখ না করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন।
বিবরণে আরও বলা হয়, অভিযুক্ত নিজের ও সন্তানের নামে জমি কেনা, বিভিন্ন ব্যাংকে নিজ ও তিন সন্তানের নামে জমা করা টাকা, চারটি আগ্নেয়াস্ত্র, নিজ নামে গাড়ি ক্রয়, ২২ চলচ্চিত্র নির্মাণ বাবদ, এশিয়া সিনেমা হল সংলগ্ন বিভিন্ন স্থাপনা ও দীপনগর এলাকা থেকে ভাড়া বাবদ, পৈত্রিক বাসভবন সংস্কার বাবদ, সাভার উপজেলার ফুলবাড়িয়া ও পানপাড়া মৌজায় ফাহিম শ্যুটিং স্পটে বাড়ি সংস্কার ও বৈদ্যুতিক সরঞ্জাম সংযোজন বাবদ, নিজ নামে ২০০ তোলা স্বর্ণালংকারের তথ্য গোপন করে আয়কর বিভাগে মিথ্যা তথ্য দিয়ে হলফনামা করে জরুরি ক্ষমতা বিধিমালা লংঘন করেছেন।
এর আগে গত ২৬ জুলাই অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া গত ২০ আগস্ট আরও একটি অস্ত্র মামলায় ডিপজল এবং তার স্ত্রী রোমানা মনোয়ারকে সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রোমানা মনোয়ার কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৫৩৪ঘ.
bdnews24