২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিমচন্দ্র ভৌমিক আত্মসমর্পণের পর কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় গত ১৩ সেপ্টেম্বর ড.নিমচন্দ্র ভৌমিক, শিক্ষক সমিতির সভাপতি সদরুল আমিন ও ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মহানগর হাকিম এস এম ফেরদৌস আলম একই সঙ্গে তাদের সম্পত্তি জব্দেরও আদেশ দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 06:34 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় গত ১৩ সেপ্টেম্বর ড.নিমচন্দ্র ভৌমিক, শিক্ষক সমিতির সভাপতি সদরুল আমিন ও ১৪ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। মহানগর হাকিম এস এম ফেরদৌস আলম একই সঙ্গে তাদের সম্পত্তি জব্দেরও আদেশ দিয়েছিলেন। জগন্নাথ হলের প্রভোস্ট ও ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ভৌমিক মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে মহানগর হাকিম এস এম ফেরদৌস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় তাকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন। এ সময় তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সুব্রত চৌধুরী, পরিমল চন্দ্র গুহ ও হাবিবুর রহমান শওকত কারাগারে তার সুচিকিৎসা ও প্রথম শ্রেণীর মর্যাদা (ডিভিশন) পাওয়ার জন্য আবেদন করেন। তবে আদালত কারাগারে তার সুচিকিৎসার নির্দেশ দিলেও ডিভিশনের ব্যাপারে কোনো আদেশ না দিলে আইনজীবীরা মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদের কাছে গিয়ে ডিভিশন পাওয়ার ব্যাপারে শুনানি করেন। এ সময় আইনজীবীরা বলেন, "একই মামলায় ঢাবির অন্য তিন শিক্ষক ডিভিশন পেয়েছেন। সুতরাং এই শিক্ষকও কারাগারে ডিভিশন পাওয়ার দাবিদার।" শুনানি শেষে জালাল আহমেদ আইনজীবীদের বলেন, "আমি আগের মতোই এ মামলায় আসামির ক্ষেত্রে একই আদেশ দেবো।" প্রসঙ্গত, কারাবিধির ৯১০ ধারায় ডিভিশন পাওয়ার মতো যে ১৮টি উপাদান রয়েছে শিক্ষকরা তার মধ্যে পড়েন না। এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আত্মসমর্পণের আগে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতির কক্ষে ড. নিমচন্দ্র ভৌমিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গত ১৩ সেপ্টেম্বর রাতে টেলিভিশনে এ মামলার দুই অভিযোগপত্রে আমার নাম আছে দেখে আশ্চর্য হয়ে যাই। আমি ঘটনার সূচনা থেকে শেষ পর্যন্ত কোথাও সম্পৃক্ত ছিলাম না। সব সময়ই শান্তির পক্ষে আমার অবস্থান। আশাকরি এখনো বিষয়টির সমাধান হতে পারে। আমি আইনের শাসনে বিশ্বাস করি।" তাকে অকারণে অভিযুক্ত করা হয়েছে বলে মন্তব্য করে অধ্যাপক ভৌমিক বলেন, "আমি সব সময়ই নির্যাতিত, সংখ্যালঘুদের মানবাধিকারের পক্ষে কাজ করেছি।" ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তের মামলার অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদসহ মোট ১২জনকে পুলিশ আটক করেছে। ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছিল। শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করা হয় ২টি। জরুরি বিধিমালায় গত ২৩ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা ৫৩ ও ৫৪ নম্বর মামলায় অভিযোগপত্র দাখিল করেছিলেন উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ও বাবুল হোসেন ভূঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটককৃত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদকে ৫৪ নম্বর মামলায় ও অপর দুই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিমচন্দ্র ভৌমিককে ৫৩ নম্বর মামলায় আসামি করা হয়। গত ৯ সেপ্টেম্বর এ অভিযোগপত্র দুটি দাখিল করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১২২৫ঘ.