রংপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে সোমবার ভোরে একটি নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতাল এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নবজাতকের মা আলিজা বেগম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর বেলায় তার মা জোবেদা বেগমের কোলে ছেলেটি ছিল। জোবেদা টয়লেটে যাওয়ার সময় বাচ্চাকে দেখে রাখার জন্য তাদের পাশের বেডের এক মহিলাকে বলে যান। কিন্তু ফিরে এসে তিনি আর বাচ্চা পাননি।
হাসপাতলের পরিচালক ডা. সাইদুর রহমান জানান, দুপুরে তিনি নবজাতক চুরির ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি কোতয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চুরি হওয়া নবজাতকের বাবা আলাউদ্দিন থানায় একটি মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোমেনা বেগম ও নুর আলম নামে দুজনকে হাসপাতাল এলাকা থেকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর গ্রামের ক্ষেতমজুর আলাউদ্দিনের স্ত্রী আলিজা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতলের গাইনী ওয়ার্ডে ভর্তি হন। রোববার মধ্যরাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি শিশু পুত্র হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/ এমএসবি/০১৩৪ ঘ.
bdnews24