২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের শ্রমিক হেলাল পালিয়ে বেড়াচ্ছে: পুলিশ

সাভারে ঢাকা ইপিজেডের নিখোঁজ শ্রমিক হেলাল আত্মগোপন করে আছেন বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে তার খোঁজে দ্বিতীয় দফা অভিযান চালালে তার খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, হেলালের সঙ্গে রোববার মোবাইল ফোনে কথা হলেও পরে তার ফোন বন্ধ পাওয়া গেছে। তার খুন হওয়ার গুজবেই শুক্রবার সকালে ডিইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 05:58 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাভারে ঢাকা ইপিজেডের নিখোঁজ শ্রমিক হেলাল আত্মগোপন করে আছেন বলে জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরে তার খোঁজে দ্বিতীয় দফা অভিযান চালালে তার খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, হেলালের সঙ্গে রোববার মোবাইল ফোনে কথা হলেও পরে তার ফোন বন্ধ পাওয়া গেছে। তার খুন হওয়ার গুজবেই শুক্রবার সকালে ডিইপিজেডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় সোমবার পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া হেলালের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও সোমবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের ওপর নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। হেলালের খোঁজে গোয়েন্দা পুলিশ রোববার টাঙ্গাাইলের মির্জাপুরে অভিযান চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হেলাল পালিয়ে বেড়াচ্ছে। তাকে খুজতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। তার পরিবারের সদস্যদের প্রতি নজর রাখা হচ্ছে। তাকে খুঁজে পেলে সব ক্লু বেরিয়ে আসবে। ঢাকা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, রোববার মধ্যরাতেও ২য় বারের মত টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে হেলালের খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে হেলালের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক সোহরাব হোসেন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। শুক্রবার সকালে ডিইপিজেডে ফেদার লাইট লিমিটেডের শ্রমিক হেলাল উদ্দিনকে খুন করে লাশ গুম করা হয়েছে বলে গুজবে ছড়িয়ে পড়লে শুরু হয় হামলা ও ভাঙচুর। এ ঘটনায় পুলিশ আশুলিয়া থানায় একটি মামলা করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত জন হলেন, সাইফুল ইসলাম ওরফে ইমন (২৭), রফিকুল ইসলাম (২৮), আলমগীর হোসেন (২৮), রেজাউল করিম (২৮), আদম আলী (৩০), ইলিয়াস মিয়া (৩০) ও মনিরুজ্জামান (২২)। এর মধ্যে প্রথম চারজনকে রোববার, আদম আলীকে শনিবার এবং শেষ দুইজনকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৫৪ ঘ.