চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের বায়েজিদ ও পাঁচশাইল এলাকা থেকে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সোমবার পাঁচশাইল এলাকায় অভিযানে গেলে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গোলাগুলি হয়। পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে।
সোমবার ভোরে দলনেতা নূর আলমকে এবং এর আগে রোববার রাতে তার দুই সহযোগী শাহ আলম (২৫) ও জয়নাল আবেদীনকে (২৪) গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মতিউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত দেড়টার দিকে বায়েজিদ থানার হিলভিউ আবাসিক এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় শাহ আলম ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এ দুজনের দেওয়া তথ্য অনুযায়ী পাঁচলাইশ এলাকায় সোমবার ভোরে অভিযান চালায় পুলিশ। এ সময় ৭/৮ জনের একটি ছিনতাইকারী দলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। উভয় পক্ষে ২০-৩০ রাউন্ড গুলি বিনিময় হয় বলেও মতিউল ইসলাম জানিয়েছেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলিভর্তি নাইন এমএম পিস্তলসহ গুলিবিদ্ধ নুরুল আলমকে গ্রেপ্তার করে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমএসবি/২৩১০ ঘ.
bdnews24