গাজিপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের সালনায় গজারি বনের মাঝে চার/পাঁচদিন ধরে পড়ে থাকা তরুণীর লাশ সোমবার দুপুরে উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
প্রায় গলিত এ লাশের ময়নাতদন্ত শেষে গাজীপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হালিম মোল্লা জানান, ধর্ষণ শেষে নির্যাতন করে মেয়েটিকে হত্যা করা হয়।
সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রায় একশ' গজ পশ্চিমে গজারি বনের ভেতর শনিবার দুপুরে তরুণীর লাশটি দেখতে পায় এলাকাবাসী।
সেদিন সন্ধ্যায় খবরটি থানায় জানানোর পরও পুলিশ লাশ উদ্ধার করতে যায়নি। এর প্রায় ২৪ ঘণ্টা পর পুলিশ সুপারের নির্দেশে রোববার সন্ধ্যায় তারা ঘটনাস্থলে গেলেও 'লাশ পচে গেছে' দাবি করে ফিরে আসে। ডোম জোগাড়ের পর সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হবে বলে জানায় তারা।
লাশ উদ্ধারের ব্যাপারে পুলিশের গাফিলতির বিষয়ে প্রশ্ন করা হলে গাজীপুর পুলিশ সুপার মো. আলমগীর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৫৭ ঘ.
bdnews24