২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ সামগ্রী আত্মসাৎ মামলায় ফালুর বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও চার ওয়ার্ড কমিশনারসহ ১২ জনের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে এক মামলায় বিভিন্ন ধারায় চারটি অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও চার ওয়ার্ড কমিশনারসহ ১২ জনের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে এক মামলায় বিভিন্ন ধারায় চারটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মহানগর হাকিম মো. মিজানুর রহমানের আদালতে এসব অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম। একটি অভিযোগপত্রে ফালুসহ ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার রুহুল আমিন ওরফে জাহাঙ্গীর ভুঁইয়া, তার ব্যক্তিগত সচিব সুজাত আলী, অফিস সহকারী মঞ্জুর আলম ও পিয়ন নজিরকে অভিযুক্ত করা হয়। এতে একশ বান্ডিল ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ আনা হয়। আরেকটিতে ৬৩ পিস কম্বল আত্মসাতের দায়ে অভিযুক্ত করা হয়েছে ওয়ার্ড কমিশনার রুহুল আমিন, সুজাত আলী, কমিশনারের একান্ত সচিব মঞ্জুর আলম ও পিয়ন নজিরকে। তৃতীয় অভিযোগপত্রে ফালু ও তার একান্ত সচিব এ বি এম মাসুদুর রহমান, মাহবুবুর রহমান, কমিশনার রহুল আমিন, ৫৫ নম্বর ওয়ার্ড কমিশনার এম এ মজিদ, ৫৪ নম্বর ওয়ার্ড কমিশনার শর্মিলা আহম্মদকে দেড়শ টন চাল আত্মসাতের দায়ে অভিযুক্ত করা হয়। এছাড়া, চতুর্থ অভিযোগপত্রে ফালু, মনিরুল ইসলাম সোহেল, মাসুদুর রহমান, শর্মিলা আহম্মদ, মাহবুবুর রহমান, ৪০ নম্বর ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, ৫৪ নম্বর ওয়ার্ড কমিশনারের সহকারী হায়দার শেখকে অভিযুক্ত করা হয়েছে। এতে এক লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলাটিতে সাক্ষী করা হয়েছে মোট ১৩৫ জনকে। গত ২ মার্চ যৌথবাহিনী ৩৭ নম্বর ওয়ার্ড কমিশনার কার্যালয় তল্লাশি করে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার করে। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলার পর মোসাদ্দেক আলী ফালুকে তিন দফায় মোট ১১ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৮৪৬ ঘ.