২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী-সন্তানের খোঁজ খবর নিলেন হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী-সন্তানের খোঁজ খবর নিয়েছেন। সোমবার বিশেষ কারাগারে তার আয়কর আইনজীবী দেখা করতে গেলে তিনি তাদের সম্পর্কে জানতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী-সন্তানের খোঁজ খবর নিয়েছেন। সোমবার বিশেষ কারাগারে তার আয়কর আইনজীবী দেখা করতে গেলে তিনি তাদের সম্পর্কে জানতে চান। হাসিনার সঙ্গে দেখার করে পর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের একথা জানান। মনিরুজ্জামান বিকেল সোয়া তিনটার দিকে বিশেষ কারাগারে যান। প্রায় এক ঘন্টা শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে বেরিয়ে এসে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, "শুধুমাত্র বার্ষিক আয়কর রির্টানের কাগজপত্র শেখ হাসিনাকে দেখানোর জন্য আমি সেখানে গিয়েছিলাম। তিনি কাগজপত্র দেখে আমাকে দিয়েছেন।" তবে হাসিনার আয়কর বিবরণী সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হননি মনিরুজ্জামান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, "গতকাল সামান্য জ্বর থাকলেও নেত্রী আজ (সোমবার) সুস্থ আছেন। এখন তার জ্বর নেই বললেই চলে। তিনি আজ রোজা রেখেছেন।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনার সঙ্গে আমার কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।" এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বিশেষ কারাগারের সামনে যান। তিনি শেখ হাসিনার জন্য ডাব, আনারস, কলা, কমলা, আমড়া, আঙ্গুর, আপেল ও খেজুরসহ বিভিন্ন ফলমুল নিয়ে যান। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সুধা সদনের কর্মচারী শামীমও শেখ হাসিনার জন্য বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে যান। কারারক্ষীদের মাধ্যমে এগুলো তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/এমএসবি/এমএ/১৯১১ ঘ.