চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল রোববার রাতে কুমিল্লা সদর উপজেলায় বানীপুরে অভিযান চালিয়ে ৪৬ বস্তা চোরাই ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছে। এসব কাপড়ের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
অভিযানের সময় সহোদর দুই চোরাকারবারি আমান উল্লাহ (৩২) ও মো. হান্নানকে (৩০) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারি পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, তাদের একটি দল কুমিল্লা সদর উপজেলার বানীপুরে মৃত আফাজ উদ্দিন মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে শাড়ি ও থ্রিপিস ভর্তি ৪৬ টি বস্তা উদ্ধার করে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আফাজ উদ্দিন মেম্বারের গ্রেপ্তারকৃত দুই ছেলে দীর্ঘদিন ধরে ভারতীয় শাড়ি চোরাচালানের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৬১৬ ঘ.
bdnews24