ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে সোমবার বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এমন ইঙ্গিত দিয়ে বলেন, বন্যা কেটে গেলে মুদ্রানীতির বিভিন্ন লক্ষ্যমাত্রা সংশোধন করা হবে। আমরা আমাদের মতো করে মুদ্রানীতি প্রণয়ন করেছি। আমাদের মতো করেই বাস্তবায়ন করবো। কারো কোনো পরামর্শ বা চাপে নয়।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, "আইএমএফ মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে আমরা বলেছি শুধু মূল্যস্ফীতি নয়, জিডিপির প্রবৃদ্ধির বিষয়টিকেও আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "এই মুহূর্তে আইএমএফের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।"
বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "তারা (আইএমএফ) ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি সহনীয় রাখার পরামর্শ দিয়েছে। আমরা মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি বাড়ানোর দিকে বেশি জোর দিচ্ছি। এ ছাড়া বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।"
বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইএমএফের এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা থমাস রামবাউ। এ ছাড়া বৈঠকে আইএমএফ এর বিকল্প নির্বাহী পরিচালক রঞ্জিত ব্যানার্জি এবং বাংলাদেশের পক্ষে বৈঠকে গভর্নর ছাড়াও দুই ডেপুটি গভর্নর নজরুল হুদা ও জিয়াউল হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
গত ৪ সেপ্টেম্বর আইএমএফ এর এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। এ সময়ের মধ্যে তারা অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তাদের এ সফরের বিভিন্ন দিক তুলে ধরবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/্এমএ/১৬০৬ঘ.
bdnews24