ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশন রাজনৈতিক দলের জন্য দেড়শটি নির্বাচনী প্রতীক পুনর্বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭২ সালের নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনী এনে এই প্রতীক পুনর্বন্টন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের এ উদ্যোগের ফলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক ব্যবহার করার জন্য নতুন করে আবেদন করতে হবে।
কমিশন সচিব মুহাম্মাদ হুমায়ুন কবির সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হওয়ার পর নতুন করে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ নিতে হবে। ৭৬ টি দলের সংরক্ষিত নির্বাচনী প্রতীক বাতিল করা হচ্ছে।
দেড়শটি নির্বাচনী প্রতীকের মধ্যে কয়েকটি প্রতীক বাতিল করা হচ্ছে, এই তথ্য জানিয়ে হুমায়ুন কবির বলেন, "ধর্মের রাজনৈতিক ব্যবহার হতে পারে, এই চিন্তা থেকে কমিশন কয়েকটি প্রতীক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে নতুন নির্বাচনী প্রতীক তালিকাভূক্ত করা হবে।"
কমিশন সূত্র জানায়, ২২ জানুয়ারির বাতিল নির্বাচনের আগে ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ইসি একটি পরিপত্র জারি করে জানায়, ৭৬ টি রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক সংরক্ষিত আছে। এর বাইরে রাজনৈতিক দলগুলো রিটার্নিং অফিসারের বরাবরে আবেদন করে পছন্দের প্রতীক সংগ্রহ করতে পারবেন।
একাধিক দল বা প্রার্থী একই প্রতীকের জন্য আবেদন করলে নির্বাচনী আইন অনুযায়ী রিটার্নিং অফিসার লটারি করে প্রতীক বরাদ্দ দেবেন।
২১ জানুয়ারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন ২২ জানুয়ারির নির্বাচন এবং ওই নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রজ্ঞাপন ও পরিপত্র বাতিল করে বলে ১৭ ডিসেম্বরের ওই পরিপত্রটিও বাতিল হয়ে যায়। এ কারণেই ২০০৮ সালে অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে নতুন করে নিবন্ধনের পর আবার নতুন করে প্রতীকও সংরক্ষণ করতে হবে।
নির্বাচনী আইন সংস্কার নিয়ে গত বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের ধারাবাহিক আলোচনা শুরু হয়েছে। রোববার কমিশনের সঙ্গে আলোচনার সময় কৃষক - শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ন্যায় বিচারের প্রতীক বলে বিশ্বব্যাপী সার্বজনীনভাবে ব্যবহৃত 'দাঁড়িপাল্লা' প্রতীক যেন জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করতে না পারে তার দাবি জানান।
সচিব হুমায়ুন কবির বলেন, "কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সব কটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১২৪০ ঘ.
bdnews24