শেরপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে টানা ২৪ ঘণ্টার অভিযানে বিডিআর ১০ হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে। রোববার থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এ গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার একই এলাকা থেকে প্রায় ৩০ হাজার রাউন্ড গুলি উদ্ধারের পর মাত্র তিন দিনের ব্যবধানে বিডিআর পুনরায় এ গুলি উদ্ধার করলো।
বিডিআর কর্মকর্তারা ধারণা করছেন, সীমান্তের বাঁকাকুড়া গ্রামে ওই দিনের অভিযানে গুলি উদ্ধার ও একজনকে আটকের পর দুর্বৃত্তরা সর্বশেষ উদ্ধারকৃত গুলিগুলো ফেলে দেয়।
বিডিআর এর ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল আনিসুজ্জামান গুলি উদ্ধারের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
কর্নেল আনিসুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাইগাতির গজনী এলাকার অবকাশ পর্যটন কেন্দ্রের আশেপাশের জঙ্গল থেকে ওই গুলি উদ্ধার করা হয। এর মধ্যে এসএমজি ও রাইফেলের ৭ দশমিক ৬২ বোরের ১০ হাজার গুলি এবং একে৪৭ রাইফেলের দুটি ম্যাগাজিন রয়েছে।
কর্নেল আনিসুজ্জামান আরও বলেন, "উদ্ধারকৃত গুলি ঝিনাইগাতি থানায় জমা দেওয়া হয়েছে।"
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১২২০ ঘ.
bdnews24