চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন ও আয়কর ফাঁকির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে রোববার চট্টগ্রামে দুটি মামলা হয়েছে।
চট্টগ্রাম কর অঞ্চল-২ এর উপ কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা রোববার দুপুরে মহানগর দায়রা জজ আনোয়ার হোসেনের আদালতে মামলা দুটি করেন।
চট্টগ্রাম দুর্নীতি দমন বিশেষ আদালতের এপিপি জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মীর নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিন জাতীয় রাজস্ব বোর্ডে যে আয়কর বিবরণী জমা দিয়েছেন তাতে তথ্য গোপন ও মিথ্যা বিবরণ দেওয়া হয়েছে। এই অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালার ১৫ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে।
এর আগে গত ৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের মামলায় মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ আদালত।
মামলার এজাহারে বলা হয়েছে, এনবিআরের তদন্তে দেখা গেছে, মীর নাছির ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ছয় বছরে ১৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ৭৪২ টাকার আয় গোপন করেছেন এবং ওই টাকার ওপর নির্ধারিত কর দেননি।
মীর নাছির তার কর বিবরণীতে সম্পত্তির যে হিসাব দেখিয়েছেন তাতেও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। চট্টগ্রামের চান্দগাঁওয়ে তার একটি ৫ তলা বাড়ি থাকলেও আয়কর বিবরণীতে চারতলা বাড়ির কথা উল্লেখ করেছেন তিনি। এর মাধ্যমে তিনি ২ লাখ ২৭ হাজার ৫২৮ টাকার হিসাব গোপন করেছেন। এছাড়া ঢাকায় রাউজকের প্লট ও হাটহাজারীতে জমির বিষয়েও মিথ্যা তথ্য দিয়েছেন তিনি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মীর হেলাল এনবিআরে জমা দেওয়া বিবরণীতে ৯ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১০২ টাকার তথ্য গোপন করেছেন। এর মাধ্যমে তিনি বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
মীর নাছির গত ৩ ফেব্র"য়ারি গভীর রাতে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/জেকে/জিএনএ/২০২১ ঘ.
bdnews24