ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রায় আট কোটি টাকার অসঙ্গত সম্পত্তি থাকার অভিযোগে সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেছে।
গুলশান থানার উপ-পরিদর্শক গুলশান আরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২শ' ৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে।
কমিশনের উপ-সহকারি পরিচালক মো. শরীফুল হক সিদ্দিকী বাদি হয়ে রোববার বিকেলে গুলশান থানায় এ মামলা করেন।
হিসেবে গোপন করা অর্থের মধ্যে মওদুদ আহমদের বেনামে এবি ব্যাংকের ইসলামপুর শাখায় ৩ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখায় এক কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার এফডিআর রয়েছে।
গত ৩ জুলাই সম্পদের হিসাব চেয়ে সাবেক আইন মন্ত্রীর কাছে নোটিশ পাঠায় কমিশন। গত ২৩ জুলাই তিনি সম্পদ বিবরণী জমা দেন।
মওদুদ আহমেদকে গত ১২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই রাতে তার বাড়ি থেকে ১২ বোতল বিদেশী মদ জব্দ করে এবং মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়।
মাদকের মামলায় জামিন পান তিনি।
৫ জুলাই তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয় সরকার। ২৬ জুলাই এই আটকাদেশের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআইএম/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24