২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও গণপিটুনিতে তিন ডাকাত নিহত

দৌলতপুর উপজেলায় শনিবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' এবং গণপিটুনিতে তিন ডাকাত নিহত এবং চার জন আহত হয়েছে। বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যও আহত হন। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতটি অস্ত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 08:24 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলায় শনিবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' এবং গণপিটুনিতে তিন ডাকাত নিহত এবং চার জন আহত হয়েছে। বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্যও আহত হন। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাতটি অস্ত্র। শিবালয় থানার দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে যমুনা তীরবর্তী চর ভারাঙ্গা এলাকায় ১৬/১৭ জন সশস্ত্র ডাকাত ট্রলারে চড়ে আরিচা যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহল পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। এ সময় ডাকাত দলটি পুলিশের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয়। এক পর্যায়ে রামনারায়ণপুর এলাকায় পৌঁছে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে খালেদ ফকির (৩০) ও আব্দুল মান্নান (৩২) নামের দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এদিকে, বন্দুকযুদ্ধের খবর পেয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল রামনারায়ণপুর এলাকা ঘেরাও করে জনগণের সহায়তায় অভিযান চালায়। ওই সময় স্থানীয় জনতা সন্তোষ মন্ডল (৩০), মাসুদ রানা (২৭), ইয়াসিন গাজি (৩২), আফজাল সিকদার, সুমন (২৮) নামে পাঁচ ডাকাত ধরে পিটুনি দেয় বলে জানান মিজানুর রহমান। তিনি জানান, আহত অবস্থায় ডাকাতদের শিবালয় থানায় নিয়ে আসার পথে সুমন মারা যায়। পুলিশ কর্মকর্তা মিজান আরও জানান, ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক, পাঁচটি ওয়ান শুটার গান, একটি রিভলবার, ১৮ রাউন্ড বন্দুকের গুলি ও সাত রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে উপপরিদর্শক মীর বিল্লাল হোসেন ও মাজহারুল আমিন মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হন পুলিশ জানায়। মিজানুর রহমান জানান, রোববার সকালে দৌলতপুরের বাঘুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ভুট্টু ও বিল্লাল মোল্লা নামে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪১৬ ঘ.