২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাটকল শ্রমিকদের হাতে দুই শ্রমিক নেতা লাঞ্ছিত

খালিশপুর শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিকরা শনিবার ওই মিলের সিবিএ সভাপতি দেলোয়ার হোসেন ও সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে লাঞ্ছিত ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 05:44 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

খুলনা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালিশপুর শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিকরা শনিবার ওই মিলের সিবিএ সভাপতি দেলোয়ার হোসেন ও সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে লাঞ্ছিত ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাঙচুর করেছে। এই ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী লিপি বেগম খালিশপুর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং দুই থেকে আড়াইশ অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে বাসা ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে একটি মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মুজিবর ও শামীম নামে দুই শ্রমিককে গ্রেপ্তারও করেছে। খালিশপুর থানার উপ-পরিদর্শক রেহানা বেগম জানান, শনিবার সকালে শ্রমিকেরা পাওনার দাবিতে প্লাটিনাম জুট মিল গেটে অবস্থান নিয়ে কর্মকর্তাদের মিলে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা তখন দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে কাছে পেয়ে মারধর করে। পরে তারা জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাঙচুর করে। মামলা ও দুই শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/জেকে/২৩৩১ ঘ.