রংপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এর ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে রোগীরা।
শিক্ষানবিশ ছাড়া অন্য চিকিৎসকরা জরুরি চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে হাসপাতালের পরিচালক দাবি করলেও রোগীদের অভিযোগ, কোনও চিকিৎসকদেরই তারা পাচ্ছেন না।
শুক্রবার এক কলেজ শিক্ষকের মৃত্যুর পর যথাযথ সেবা না পাওয়ার অভিযোগে তার স্বজনরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। ওই সময় সংঘর্ষ বেঁধে গেলে তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন। এর পরপরই চিকিৎসা সেবা বন্ধ করে দেয় শিক্ষানবিশ চিকিৎসকরা। তারা ওই ঘটনার বিচার দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছেন।
শনিবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে কোনও চিকিৎসক নেই। বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা জরুরি বিভাগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসক না পেয়ে বেসরকারি হাসপাতাল মুখো হয়েছেন।
আব্দুল কাদের নামে একজন জানালেন, তিনি সকালে তার মাকে নিয়ে এসেছিলেন। কিন্তু চিকিৎসক না পেয়ে অন্য হাসপাতালে যাচ্ছেন।
এদিকে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি সহস্রাাধিক রোগী শুক্রবার থেকে এক রকম বিনা চিকিৎসায় রয়েছেন। সকালে দুই-এক জন চিকিৎসক এলেও ওয়ার্ডে কোনও রোগী না দেখেই তারা ফিরে যান বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগীর স্বজন অভিযোগ করেছেন।
তবে হাসপাতালের পরিচালক ডা. সাইদুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘট অব্যাহত রাখলেও অন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।
রোগীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "চিকিৎসকরা ওয়ার্ডে যাবেন।"
পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে পরিচালক জানান।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার গভীর রাতে মেডিকেল কলেজের চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন হাসপাতালের পরিচালক। কিন্তু শিক্ষানবিশ চিকিৎসকরা সে বৈঠকে যোগ দেননি।
শনিবার সকালে বৈঠকের চেষ্টা চললেও শনিবার সকাল থেকে হাসপাতালের পরিচালক দফায় দফায় বৈঠক করেও ধর্মঘট প্রত্যাহারে শিক্ষানবিশ চিকিৎসকদের রাজি করাতে পারেননি। বিকালেও বৈঠক হবে বলে পরিচালক সাইদুর রহমান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০১ ঘ.
bdnews24