টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের বাদাকশান প্রদেশে কর্মরত বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আলীম লেবু (৪০) গত বুধবার বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
নিহতের ভগ্নীপতি সন্ধানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাইস জানান, কান্দাহারে ব্র্যাকের আরেকজন আঞ্চলিক কর্মকর্তা শাজাহান আলী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর মোটর সাইকেলে চড়ে অফিসে যাওয়ার পথে দুই বন্দুকধারী আব্দুল আলীমকে গুলি করে।
নিহত আব্দুল আলিমের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগর গ্রামে। বাবার নাম আলহাজ আরফান আলী, স্ত্রী শাহনাজ নাজনীন আলীম। নাফিজ (৬) ও নোমান (৩) নামে তার দুটি শিশু সন্তান রয়েছে।
দুই বছর আগে আব্দুল আলিম ব্র্যাকের ক্ষুদ্রঋণ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আফগানিস্তানে যান। আগামী নভেম্বরে তার ছুটিতে দেশে আসার কথা ছিল।
বাংলাদেশে ব্র্যাকের প্রধান জনসংযোগ কর্মকর্তা সাব্বির চৌধুরীর বরাত দিয়ে আবদুর রাইস জানান, আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস না থাকায় রুশ দূতাবাসের মাধ্যমে মৃতদেহ দেশে আনার চেষ্টা চলছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে লাশ দেশে আসার সম্ভাবনা আছে।
এদিকে বাদাকশান প্রাদেশিক পুলিশের কমান্ডার আকা নূর কেন্দোজের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ঘটনার সময় আব্দুল আলীমের সঙ্গে থাকা তার আরেক সহকর্মীও বন্দুকধারীদের গুলিতে আহত হন। তবে সেই সহকর্মীর নাম উল্লেখ করা হয়নি।
এএফপির খবরে আরো বলা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই বন্দুকধারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের সঙ্গে তালেবানদের যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/২২১০ঘ.
bdnews24