ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নানা ধরণের সরকারী তৎপরতা স্বত্ত্বেও রমজানের প্রথম দিনে দামের উর্ধ্বগতি সম্পর্কে জানতে চাইলে 'ডালভাত কর্মসূচির' দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিডিআর পরিচালক (অপারেশন) কর্নেল আবদুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরো কয়েকদিন আগে থেকে পণ্য বিক্রি এবং নজরদারি চালু করা গেলে প্রথম দিনে সুফল পাওয়া যেত।"
তবে কয়েকদিনের মধ্যেই দাম সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্নেল হালিম বলেন, "রোজার সময় দাম সাধারণভাবেই বেড়ে যায়। এ সময় শশা, বেগুন, ছোলাসহ কয়েকটি পণ্যের চাহিদা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় দামও আকস্মিকভাবেই বাড়ে। এছাড়া দ্বিতীয় দফা বন্যা হওয়ায় যোগানের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আগামী রোববার আবারো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবো। "
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার কয়েকদিন আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নেয়। সরকারি সংস্থার মধ্যে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন, কৃষি বিপণন অধিদপ্তর, বিডিআর এবং বিএডিসির মাধ্যমে পণ্য বিক্রির পাশাপাশি দাম নির্ধারণ এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার জন্য নজরদারির পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/১৭০৭ঘ.
bdnews24