২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ির কাজ শুরু না করা ১৪ হাজার জনকে নোটিশ পাঠাবে রাজউক

নকশা অনুমোদন করানোর পর পাঁচ মাসেও রাজধানীর বিভিন্ন এলাকায় যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেনি তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এ বছর মে মাসে বাড়ির নকশা অনুমোদন করিয়ে নিয়েছে এ রকম ১৪ হাজার আবেদনকারীকে নোটিশ পাঠানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 07:07 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নকশা অনুমোদন করানোর পর পাঁচ মাসেও রাজধানীর বিভিন্ন এলাকায় যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেনি তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এ বছর মে মাসে বাড়ির নকশা অনুমোদন করিয়ে নিয়েছে এ রকম ১৪ হাজার আবেদনকারীকে নোটিশ পাঠানো হবে। এছাড়া বিমানবন্দর এলাকায় উড়োজাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ১১৩টি ভবন চিহ্নিত ও ভেঙে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজউকের কার্যক্রম পর্যালোচনা সম্পর্কিত এক সভা শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এএসএম রাশেদুল হাই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। একই দিন সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, টঙ্গী সংলগ্ন দত্তপাড়ায় নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে। সচিবালয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজউকের কার্যক্রম পর্যালোচনা সভায় আইন, তথ্য এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সভাপতিত্ব করেন। এতে ভারপ্রাপ্ত পূর্ত সচিব এএসএম রাশেদুল হাই, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সচিব রাশেদুল হাই জানান, সভায় রাজউকের বিভিন্ন নকশা অনুমোদনে দীর্ঘসূত্রিতা এবং সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সময় রাজউককে নতুন ভবন নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারী এবং ভবনের নকশা প্রণেতা স্থপতিকে নিয়ে বৈঠক করে দ্রুত অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, "বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজউকের নকশা প্রণয়ন বিধিমালা সংশোধন করেছে। নতুন বিধিমালা অনুযায়ী এ পর্যন্ত ১৮০টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ত্র"টিপূর্ণ এবং যথাযথভাবে আবেদন না করায় ১৩০টি বাতিল করা হয়েছে। বাকী ৫০টি নকশার মধ্যে ৩০টি অনুমোদন এবং ২০টি প্রক্রিয়াধীন রয়েছে। রাশেদুল হাই জানান, বিমানবন্দর এলাকায় ১১৩টি উচু ভবন চিহ্নিত ও ভেঙে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে গঠিত ওই কমিটি আগামী সোমবার বৈঠক করে এসব ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে তারা বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। কোনো ভবন বিমান উড্ডয়নে হুমকি বলে বিবেচিত হলে সেটা ভেঙে ফেলা হবে। তিনি জানান, এর আগে ফায়ার সার্ভিসের আইন অনুযায়ী ছয়তলার উর্ধ্বে ভবনগুলোকে সুউচ্চ ভবন হিসেবে চিহ্নিত করা হতো। ওই আইন সংশোধন করা হয়েছে। এখন ১০ তলার উর্ধ্বের ভবনকে সুউচ্চ ভবন হিসেবে চিহ্নিত করা হয়। রাশেদুল হাই আরো জানান, নতুন বিধিমালা অনুযায়ী ঢাকা মহানগরীতে যে কোনো উচ্চতার ভবন নির্মাণে কোন বাধা নেই। বিধান অনুযায়ী ভবনের চারপাশে যে মালিক যত বেশি জমি ছেড়ে দিয়ে নকশার জন্য আবেদন করবে, তার ভবন তত উচ্চতায় নির্মাণের অনুমোদন দেওয়া হবে। তবে এজন্য ভবনের মালিক ও নকশা প্রণয়নকারী স্থপতিকে রাজউকের বৈঠকে উপস্থিত থাকতে হবে। যদি কোন ভবনে কোন সমস্যা দেখা দেয়, এর জন্য মালিকের পাশাপাশি নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীরও শাস্তির বিধান রয়েছে। এদিকে, সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকার মিরপুরে ২২ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে বলেও সভায় জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/০০৫৪ ঘ.