২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিক বিক্ষোভ মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলতে পারে'

কুয়ালালামপুরে শ্রমিক বিক্ষোভের কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কুয়ালালামপুরে শ্রমিক বিক্ষোভের কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। কয়েকদিন আগে প্রবাসী কল্যাণ ও জনশক্তি রপ্তানি মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এই সতর্কবার্তা জানায় হাইকমিশন। প্রতিবেদনে বলা হয়, রিক্রুটিং এজেন্টেকে দেওয়া অর্থ ফেরত ও ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে ১১০ জন বাংলাদেশি শ্রমিক কুয়ালামপুরে বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ের সামনে অনশন করছেন। কয়েকটি টিভি ও সংবাদপত্র এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় শ্রম উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য হাই কমিশনকে নির্দেশও দিয়েছেন। এদিকে শ্রমিকরা অনশন শুরু পর তাদের কয়েকজনকে দেশে পাঠিয়ে দিয়েছে হাই কমিশন। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও জনশক্তি রপ্তানি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "কয়েকজন শ্রমিকের অসহযোগিতামূলক আচরনের কারণে মালয়েশিয়া সরকারের সাহায্যে বাংলাদেশ হাইকমিশন কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে।" সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "হাইকমিশন আন্দোলনরত শ্রমিকদের ক্ষতিপূরণ হিসেবে এক হজার করে মালয়েশীয় রিঙ্গিট ও যেকোনো প্রতিষ্ঠানে সাময়িক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিলেও কিছু শ্রমিক এই প্রস্তাব মানতে অস্বীকৃতি জানিয়ে অনশন চালিয়ে যায়।" মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শ্রমিকদের সঙ্গে প্রতারণা বন্ধে পদক্ষেপ নিতে প্রবাসী কল্যাণ ও জনশক্তি রপ্তানি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি আগামী সপ্তাহে মালয়েশিয়ায় যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/২১৪২ ঘ.